রিও অলিম্পিকের পর অবসরের কথা ভাবছেন বোল্ট

 
আগামী বছর রিও অলিম্পিকে অংশ নেয়ার পর আলো ঝলমলে ক্যারিয়ারের অবসান ঘটানোর কথা ভাবছেন স্প্রিন্ট কিং উসাইন বোল্ট। চীনের রাজধানী বেইজিংয়ে চলমান বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ পদক জয়ের মাধ্যমে লক্ষ্য পূরণের পর এমন আভাস দেন বোল্ট।
 
জ্যামাইকান এই তারকা অ্যাথলেট বলেছেন যে ২০১৭ সালে লন্ডনে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নশিপে তার অংশগ্রহণের সম্ভাবনা ফিফটি ফিফটি। বরং রিও ডি জেনিরো অলিম্পিকই হতে পারে তার ক্যারিয়ারের শেষ মিশন।
 
বোল্ট বলেন, আমার মনে হয় আমার পৃষ্ঠপোষকরা চায় রিওর পরও আরো কয়েক বছর আমি যেন দৌড়ানো অব্যাহত রাখি। আমার কোচ বলেছেন, শোন, তুমি যদি লন্ডনে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নশিপকে গুরুত্বসহকারে না নাও তাহলে আমি জোর করবো না।
 
তবে সবকিছু নির্ভর করছে রিওতে আমি কি করতে পারছি, তার ওপর। আমার যা অনুভূতি তাতে মনে হচ্ছে হয়তো আর এক মৌসুম পর্যন্ত আমি আমার শরীরটাকে টেনে নিয়ে যেতে পারব। লক্ষ্য পূরণ করতে হলে আমাকে মনস্থির করতে হবে। আর সেই মনোযোগটা আমি আনতে পারব রিও প্রতিযোগিতায় অংশগ্রহণের পর। সুতরাং আমাদের এখন তাকিয়ে থাকতে হবে রিও অলিম্পিকের পারফর্মেন্স কেমন হচ্ছে তার দিকে।চলতি বছর পেলভিক সমস্যায় ভোগা বোল্টকে রবিবার ১০০ মিটারে হারানোর জন্য প্রয়োজনীয় সব চেষ্টাই করেছেন জস্টিন গ্যাটলিন। তবে ১০০ মিটারের পাশাপাশি ২০০ মিটারেও যুক্তরাষ্ট্রের ওই অ্যাথলেটকে পেছনে ফেলে স্বর্ণ পদক জিতেছেন এই জ্যামাইকান।
 
এটি ছিল ২০০ মিটারে ২৯ বছর বয়সী দৌড়বিদের টানা চতুর্থ স্বর্ণপদক। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে দারুণ পারফর্মেন্স দিয়ে সবার নজরে আসা বোল্ট এর পর থেকে এ পর্যন্ত একটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক শিরোপা ছাড়া বাকী সবগুলো শিরোপাই নিজের করে নিয়েছেন।
 
বার্ডস নেস্ট-এ বৃহস্পতিবার টিভি ক্যামেরাম্যান সাময়িকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বোল্টের এই জয়টি কিছুটা প্রতিকূলতার মধ্যে পড়ে যায়। এসময় দূর নিয়ন্ত্রিত ক্যামেরাবাহী স্কুটারটি তার ওপর এসে পড়ে। বোল্ট এসময় স্মিত হাসি হেসে বলেন, ‘মনে হয় আমার পা দুটির বীমা করার দরকার ছিল। এটি যখন ঘটে তখন আমি ক্ষণিকের জন্য ভয় পেয়েছিলাম। তবে দুর্ঘটনা তো দুর্ঘটনাই।