বঙ্গোপসাগর দিয়ে প্রায় ৯৪ হাজার বাংলাদেশি ও রোহিঙ্গা বিভিন্ন দেশে মানবপাচারের শিকার হয়েছেন বিগত দেড় বছরে। চলতি বছরের প্রথম ছয় মাসেই পাচার করা হয় ৩১ হাজার জনকে। এদের মধ্যে কমপক্ষে ১১শ’ বাংলাদেশি ও রোহিঙ্গার সাগরেই মৃত্যু হয়েছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) এক পরিসংখ্যানে মানবপাচারের ব্যাপারে এই তথ্য দিয়েছে।
সংস্থাটির পরিসংখ্যানে বলা হয়, মানবপাচারের শিকার হয়ে ৫শ’ জনের অধিক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। ইন্দোনেশিয়ায় ২শ’র বেশি গণকবরের সন্ধান পাওয়া গেছে। চলতি বছরের মে মাসে অনাহার, রোগাক্রান্ত ও নির্যাতনের শিকার হয়ে ৭০ জন মারা গেছেন। অন্যদিকে উদ্ধার হওয়া ভাসমানদের মধ্যে ৫৫ ভাগই শিশু বলে তারা জানায়। ইন্দোনেশিয়ায় উদ্ধারকৃতদের অধিকাংশের বয়সই ১৮ বছরের কম।
পরিসংখ্যানে আরও বলা হয়, চলতি বছরের ১০ থেকে ২০ মের মধ্যে ইন্দোনেশিয়ায় তিনটি নৌকা থেকে ১ হাজার ৮শ’ ৭ জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে অধিকাংশই ছিল নারী ও শিশু। একটি নৌকায় ৬শ’ লোক ৭৬ দিন সাগরে ভেসে ছিল। এরা প্রত্যেকে তাদের দালালদের ১৪শ’ ডলার করে দিয়েছিল। যার মোট পরিমাণ ২শ’ ৫০ মিলিয়ন ডলার।