শিগগিরই গোল পাবে রিয়াল: সের্হিও রামোস

বেতিসের মুখোমুখি হচ্ছে স্পেনের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে লা লিগার ম্যাচে শনিবার বাংলাদেশ সময় রাত আড়াইটায় বেতিসের বিপক্ষে খেলতে নামবে রিয়াল। 
 
গত রবিবার স্পোর্তিং গিহনের মাঠে নেমেছিল রাফায়েল বেনিতেসের দল। কিন্তু লিগে নিজেদের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র করে তারা।
 
গিহনের বিপক্ষে ম্যাচ শেষে দলের নতুন অধিনায়ক সের্হিও রামোস বলেছিলেন, শিগগিরই গোল পাবে রিয়াল। বেতিসের বিপক্ষে ম্যাচের আগেও সেই আত্মবিশ্বাসের কথা প্রতিধ্বনিত হচ্ছে বের্নাবেউতে। 
 
গত কয়েক মৌসুম জুড়ে প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেল আর করিম বেনজেমা। গত মৌসুমে লিগে রিয়াল মাদ্রিদের করা ১১৮ গোলের ৭৬টিই তারা করেন। কিন্তু নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচগুলোয় নিষ্প্রভই হয়ে ছিলেন তারা।