ডোমিনিকায় ঝড়ের আঘাতে ২০ জন নিহত


ডোমিনিকায় গ্রীষ্মকালীন ঝড় এরিকার আঘাতে ২০ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো ৩১ জন।

শুক্রবার আঘাত হানা এই ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত হয়। এতে অনেক অঞ্চল প্লাবিত ও ভূমিধসে দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর বিবিসির।

ডোমিনিকার প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিট এক টেলিভিশন ভাষণে বলেছেন, ‘এরিকার আঘাতে কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। কয়েক শ সেতু ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষয়ক্ষতি দেশকে ২০ বছর পিছিয়ে দিয়েছে।’

তবে সবাই মিলে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে আবার ঘুরে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ক্যারিবিয়ান সাগারে অবস্থিত ছোট্ট এই দ্বীপ দেশর মোট জনসংখ্যা ৭২ হাজার।

এরিকা এখন হাইতি ও ডোমিনিকান রিপাবলিকের দিকে ঘণ্টায় ৫৩ কিলোমিটার বেগে ধাবিত হচ্ছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। রবিবার নাগাদ এরিকা ফ্লোরিয়ায় আঘাত হানতে পারে বলে আশংকা করা হচ্ছে।