চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাবেক মানবসম্পদ বিষয়ক সম্পাদক এস এম আলাউদ্দিন আলম শিবির কর্মীদের হামলায় আহত হয়েছেন।
শুক্রবার রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট এলাকায় এই ঘটনা ঘটে। এই সময় ঘটনাস্থল থেকে শিবিরকর্মী সন্দেহে ফয়সাল নামের একজনকে আটক করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
হামলার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ছাত্রলীগ কর্মীরা ঘটনাস্থলে গেলে শিবির কর্মীরা পালিয়ে যায়। পরে শিবির নিয়ন্ত্রিত ফিরোজা ভবন থেকে শিবিরের নথিপত্রসহ দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করে পুলিশ।
আহত এস এম আলাউদ্দিন আলম বলেন, আমি ২ নম্বর গেইট এলাকায় ঘোরাঘুরি করতে আসলে একজনকে শিবির বলে সন্দেহ হয়। এ সময় তার হাতে একটি শিবিরের বই দেখতে পাই। বইটি দেখতে চাইলে সে দৌড়ে ফিরোজা ভবনে ঢুকে পড়ে। পরে তাৎক্ষণিক ৫-৭ জন শিবির কর্মী নিয়ে আমার ওপর হামলা চালায়। পরে ছাত্রলীগ কর্মীরা আমাকে উদ্ধার করে চবি মেডিক্যালে নিয়ে যায়।
হাটহাজারী মডেল থানার তদন্ত কর্মকতা মো. সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে শিবির সন্দেহে আটক করে। কিছু নথিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।