গোপালগঞ্জের মুকসুদপুরের স্কুলে ফের শিক্ষার্থীরা গণ হিস্টোরিয়ায় আক্রান্ত হয়েছে। শনিবার ওই উপজেলার গাড়লগাতী কে. এম. উচ্চ বিদ্যালয় ও বহুগ্রাম পিসি উচ্চ বিদ্যালয়ে গন হিস্টেরিয়ায় অন্তত ৩০ শিক্ষার্থী আক্রান্ত হয়।
গাড়লগাতী কে.এম. উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী শিমু, লুবাদা, লায়লা, সেতু, তারেক কাজী ছাহাবির, আজিজ, বর্ষা, বহুগ্রাম পিসি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী সংগীতা বিশ্বাস, শ্রাবনী বালা, ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী রিমি কনা মজুমদার, বর্ণি মজুমদার, সেতু ববকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আক্রান্ত অন্য শিক্ষার্থীদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল ১০ টার কিছু আগে মুকসুদপুর উপজেলার ইন্দুহাটি হলধর উচ্চ বিদ্যালয়ে গণ হিস্টোরিয়ায় শিক্ষক শিক্ষার্থীসহ ২৫ জন অসুস্থ্য হয়ে পড়ে। এদের মধ্যে ১০ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই স্কুলের অবস্থা স্বাভাবিক হওয়ার আগেই মুকসুদপুরের আরো ২টি স্কুলে শনিবার গনহিস্টোরিয়া দেখা দেয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঝন্টু কুমার সাহা জানান, সকাল ১১ টা ২০ মিনিটের দিকে দশম শ্রেনীর শিক্ষার্থীরা মধ্যে মাথা ঘুরানো, হাতপা কাপুনি, বমিবমি ভাব লক্ষ্য করা যায়। পরে একে একে স্কুলের ২০ শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়ে। এদের মধ্যে ৮ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ১২ জনকে স্থানীয় চিকিৎসকদের সহায়তায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ্য করে স্কুল থেকে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাড়লগাতী কে.এম. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা ওহিদুজ্জামান জানান, গন হিস্টোরিয়ায় শিক্ষার্থীরা আক্রান্ত হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা অফিসার ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির সঙ্গে পরামর্শ করে স্কুল ৭ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর স্কুল খোলা হবে বলেও জানান তিনি।
বহুগ্রাম পিসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রথিন দাস জানান, শনিবার সকাল দশ টার দিকে ১০ শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়ে। এদের মধ্যে ৫ জনকে প্রথম মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসায় ৩ জন সুস্থ্য হয়ে ওঠে। দুপুরে আরো ২ জনকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়। বিদ্যালয় বন্ধ রাখার ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলেও জানান ওই শিক্ষক।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিব উল হাবিব জানিয়েছেন, এটি গণ হিস্টিরিয়া। এটি কোন ভাইরাস রোগ নয়। মানসিক কারনেই এ রোগের সৃস্টি হয়েছে। এর আগে বৃহস্পতিবারও একটি স্কুলের শিক্ষার্থীরা এতে আক্রান্ত হয়েছিলো। তারা সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। সচেতনতা মূলক পরামর্শ দেয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা দ্রুত সুস্থ্য হয়ে উঠবে বলে তিনি জানান।