রাজনৈতিক বিলবোর্ড সরিয়ে ফেলার আহবান ওবায়দুল কাদেরের

 
দেশের বিভিন্ন শহর ও রাজপথের সকল রাজনৈতিক বিলবোর্ড সরিয়ে ফেলতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘শোকের মাস চলে গেছে। অপ্রয়োজনীয় রাজনৈতিক বিলবোর্ড রাজপথ ও মহাসড়কে থাকবে না। আমি এ কাজে ছাত্রলীগ নেতাদের সহযোগিতা কামনা করছি।’
 
শনিবার দুপুরে দুপুরে রাজধানীর বিএমএ অডিটরিয়ামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
বিলবোর্ডে নেতাদের আত্মপ্রচারের সমালোচনা করে আওয়ামী লীগ নেতা বলেন, ‘বঙ্গবন্ধু নিজেই নিজেকে প্রতিষ্ঠা করে গেছেন। বঙ্গবন্ধুকে নতুন করে প্রতিষ্ঠিত করার দরকার নেই। বিলবোর্ডে বঙ্গবন্ধুর ছবি প্রকাশ করার দরকার নেই। বঙ্গবন্ধু তাঁর কাজ, নীতি ও আদর্শ দিয়ে তার নাম মহাকালের কলমে মহাফলকে লিখে গেছেন। সেই নাম নতুন কারে লেখার প্রয়োজন নেই।’
 
তিনি বলেন, ‘আমি আসার পথে ৫১ জনের ছবি দেখেছি বঙ্গবন্ধুর পাশে। কেন এই ছবি? আপনারা পাশে না থাকলে বঙ্গবন্ধুর মর্যাদা খাটো হয়ে যাবে! আসলে লক্ষ্য হচ্ছে, আপনাদের আত্মপ্রচার। অনেকে আবার বঙ্গববন্ধুর পাশে ছবি দিয়ে হাতপাতে দু-চার টাকা কামাতে চান। এ থেকে বিরত থাকুন।’

খবর বাসসের।