নিউইয়র্কে বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

 
নিউইয়র্কে এয়ার শোর আগে শুক্রবার স্ট্যান্ট (চমকপ্রদ কৌশল) অনুশীলনের সময় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের চালক নিহত হয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ছবির মতো সুন্দর হাডসন ভ্যালির নিউ উইন্ডসরে স্টুওয়ার্ট আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
নিউইয়র্ক রাজ্যের পুলিশের এক মুখপাত্র বলেন, ‘বিমানটিতে কাঠামোগত ত্রুটি দেখা দেয় বলে ধারণা করা হচ্ছে।’
 
স্টুওয়ার্ট বিমান বন্দরে শনি ও রবিবার এ এয়ার শো হওয়ার কথা রয়েছে। মাকির্ন নেভি সিল লিপ ফ্রগস ও একটি প্যারাসুট টিমসহ সামরিক ও বেসমারিক স্ট্যান্টম্যানরা এ শোতে অংশ নেবেন।
 
ইংল্যান্ডের পূর্ব উপকূলে শোরহ্যাম এয়ার শোর কাছে ব্রিটেনের একটি ব্যস্ত রাস্তায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১১ জন নিহত হওয়ার এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রে এ ঘটনা ঘটলো।

খবর বাসসের।