'বঙ্গবন্ধুকে হত্যা করে জাতির মৌলিক অধিকার ছিনিয়ে নেয়া হয়েছিল'


বঙ্গবন্ধুকে হত্যা করে জাতির মৌলিক অধিকার ছিনিয়ে নেয়া হয়েছিল বলে মন্তব্য করলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ঘাতকরা একাত্তরে পরাজিত হওয়ার প্রতিশোধ নেয়ার পাশাপাশি এদেশের মানুষকে তাদের মৌলিক অধিকার থেকেও বঞ্চিত করেছিল। বঙ্গবন্ধু বেঁচে থাকলে ঘরে ঘরে অনেক আগেই বিদ্যুৎ থাকতো। স্বাস্থ্যসেবা ও শিক্ষার আলোয় অনেক আগেই এ জাতি আলোকিত হতো।


শনিবার দিনাজপুরের বিরল উপজেলার একটি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে তিনি একথা বলেন। তিনি বলেন, পঁচাত্তরের পর দীর্ঘ পথ পাড়ি দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবার জাতির জনকের অসমাপ্ত কাজ সমাপ্ত করছেন। এখন ঘরে ঘরে বিদ্যুৎ। ডিজিটাল সেবা। তৃণমূলের মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে। বিনামূল্যে বই পাচ্ছে। মানুষ নিজেদের মৌলিক অধিকার ও রাষ্ট্রীয় সুবিধা ফিরে পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে।


পরে বিকেলে সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনায় যোগ দিয়ে তিনি বলেন, ঘাতকের নল এখনো বঙ্গবন্ধু কন্যাকে তাড়া করে ফেরে। তাই শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন সাজুর সভাপতিত্বে সেতাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী, স্থানীয় উপজেলা চেয়ারম্যান ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।