মেহেরপুরের গাংনীতে অবৈধ সংযোগকৃত ছয়টি বিদ্যুৎ মিটার জব্দ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় হিন্দায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন নির্দেশে অবৈধ মিটারগুলো জব্দ করা হয়। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অপরাধে ইউনুছের এক হাজার টাকা, সেলিমের ২হাজার, বিল্লালের ২হাজার ও জুয়েল রানার এক হাজার টাকা জরিমানা আদায় কারেন তিনি।
এছাড়াও ৩টি পরিবার থেকে মিটারের কাগজপত্র ও ভূঁয়া বিল ভাউচার জব্দ করে ভ্রাম্যমান আদালত। মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন গাংনী জোনাল অফিসের ডিজিএম- এর আবেদনের প্রেক্ষিতে অবৈধ মিটার সংযোগ অপসারণ এর অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
গাংনী জোনাল অফিস সূত্রে জানা যায়, হিন্দা গ্রামের স্থানীয় দালাল চক্র, কতিপয় রাজনৈতিক ব্যক্তি ভূঁয়া কাগজপত্র তৈরি করে ১৫-২০হাজার টাকার বিনিময়ে ১৩টি অবৈধ বিদ্যুৎ মিটার সংযোগ দিয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় দালালদের গ্রেফতার করে আইনের হাতে তুলে দিতে ক্যাম্প আইসিকে নির্দেশ দেয়া হয়। এ অপরাধে অফিসের বিলিং এ্যাসিষ্টেন্ট হোসনে আরা ও ক্যাশিয়ার সেলিনা খাতুনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন- গাংনী জোনাল অফিসের ডিজিএম আবু আনাস মো. নাসের, ডিজিএম (টেকনিক্যাল) শামীম পারভেজ, এজিএম(কম) রেজাউল করিম, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, হিন্দা পুলিশ ক্যাম্প ইনচার্জ নাজিমদ্দীন আহম্মেদ প্রমুখ।