ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা শনিবার রাজনীতিতে ফেরার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, তিনি তার উত্তরসূরি দিলমা রুসেফের পক্ষে দাঁড়াতে ফের রাজনীতিতে আসছেন।
সাও পাওলো রাজ্যে এক সমাবেশে লুলা (৬৯) বলেন, ‘আমাদের বিরোধীরা সকাল থেকে রাত পর্যন্ত আমার সম্পর্কে অনেক কিছুই বলে। ভাল, যে পাখি উড়ছে তাকে হত্যা করা কঠিন। সে কারণে আমি আবারো উড়া শুরু করেছি।’
এর একদিন আগে তিনি ২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর আগ্রহের কথা স্বীকার করেন।
দেশটির জনপ্রিয় সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘আমি নিশ্চিত সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নে আমরা যা অর্জন করেছি তা আমাদের প্রতিদ্বন্দ্বীরা ধ্বংস করতে চায়।’
শুক্রবার তিনি বলেন, ১২ বছর পর তার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টি ক্ষমতা হারিয়েছে তা তিনি দেখতে চান না।
লুলা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন এবং তিনি দেশের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত বামপন্থী নেতা।
-বাসস