জীবননগরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

জীবননগরে গয়েশপুর ও ধোপাখালী সীমান্তের বিজিবি-বিএসএফ পৃথক পতাকা বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, ভারত হতে কোনো মাদকদ্রব্য না আসা, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং উভয় দেশে অবৈধ অনুপ্রবেশ বন্ধে এ বৈঠক করা হয়। শনিবার বিকালে অনুষ্ঠিত পতাকা বৈঠকে গয়েশপুর বিজিবি-বানপুর বিএসএফ, ধোপাখালী বিজিবি ও মাটিয়ারী ক্যাম্প কমান্ডার নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।
 
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান বিজিবিএম জানিয়েছেন, ব্যাটালিয়নের আওতাধীন গয়েশপুর বিওপির আর্ন্তগত ৬৮/১-এস মেন পিলারের শূন্য রেখা বরাবর কুলাপাড়ায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ৪০মিনিট স্থায়ী পতাকা বৈঠকে ধোপাখালী কোম্পানী কমান্ডার সুবেদার নজরুল ইসলাম বিজিবির পক্ষে নেতৃত্ব দেন। অপর দিকে ভারতের ১১৩ব্যাটালিয়নে বানপুর ক্যাম্প কমান্ডার ইন্সেপেক্টর দীপক ইয়াদব বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন।
 
একই বিষয় নিয়ে ধোপাখালী সীমান্তের ৭০/৩২-টি পিলারের মাধবখালী মাঠে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ধোপাখালী বিওপি কমান্ডার হাবিলদার আব্দুল মতিন বিজিবির পক্ষে ও বিএসএফের পক্ষে মাটিয়ারী ক্যাম্প কমান্ডার এসআই এ কে মন্ডল নেতৃত্ব দেন।