উখিয়ায় সড়ক দুর্ঘটনায় পালংখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউ পি সদস্য কামাল উদ্দিন (২৯) নিহত হয়েছেন। রবিবার সকাল ৯টার দিকে তিনি মারা যান। তিনি পশ্চিম পালংখালী গ্রামের মৌলভী ইয়াছিন আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কামাল উদ্দিন শ্যামলী পরিবহন যোগে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। চট্টগ্রাম-কক্সবাজার সড়কের ঈদগাহ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী গাড়িকে সাইড দিতে গিয়ে শ্যামলী পরিবহনটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে কামাল উদ্দিন মারা যান।