সৌদি আরবে বাসে আগুন, নিহত ১


সৌদি আরবের আল খোবার শহরে একটি তেল কোম্পানির শ্রমিকবাসে আগুন লেগে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রবিবার দেশটির জাতীয় তেল কোম্পানি সৌদি অ্যারামকো'র রাদিয়াম আবাসিক কম্পাউন্ডের বেইসমেন্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

নিহত ব্যক্তির জাতীয়তা জানা যায়নি, আহতরা বিভিন্ন দেশের নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঐ কোম্পানি এক বিবৃতিতে বলা হয়, আল খোবারে সৌদি অ্যারামকোর কর্মীদের জন্য ভাড়া করা রাদিয়াম আবাসিক কম্পাউন্ডের বেইসমেন্টে আজ সকাল পৌনে ৭টায় আগুন লেগেছে বলে জানা গেছে। দমকল ও সৌদি অ্যারামকোর অগ্নি নির্বাপন ব্রিগেড কম্পাউন্ডটি থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে বলে বিবৃতিতে বলা হয়েছে।

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র কর্নেল আলি আল কাহতানি জানিয়েছেন, লোকজনকে বাঁচাতে ছাদ থেকে তাদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া অব্যাহত আছে।

অ্যারামকোর ওয়েবসাইটে দেওয়া তথ্যে বলা হয়েছে, রাদিয়াম রেসিডেন্সিয়াল কমপ্লেক্স আটটি ছয়তলা ভবন নিয়ে তৈরি যেখানে ৪৮৬টি ইউনিট আছে।