নবজাতক ও মা গুলিবিদ্ধের ঘটনায় ২আসামি কারাগারে

চাঞ্চল্যকর মাগুরা শহরের দোয়ারপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষকালে মাতৃগর্ভে  নবজাতক ও মা নাজমা বেগম গুলিবিদ্ধের ঘটনার দুই আসামি ইলিয়াস ও সোহেল রানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।  রবিবার দুপুরে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট মো. ইমতিয়াজুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত না মঞ্জুর করে এ আদেশ দেন। 
 
এতদিন পলাতক থাকার পর ৯ নং আসামি ইলিয়াস ও ১০ নং আসামি সোহেল রানা আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন । 
 
গত ২৩ জুলাই ২০১৫ মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষকালে আব্দুল মোমিন নামে একজন, মাতৃগর্ভে  নবজাতক ও মা নাজমা বেগম গুলিবিদ্ধ এর ঘটনায় নিহত আব্দুল মোমিনের ছেলে রুবেল মিয়া বাদি হয়ে ১৬জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ ৯জনকে গ্রেফতার করেছে । অন্যরা পলাতক রয়েছে। ৩নং আসামি মেহেদী হাসান আজিবর  পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন ।