কাউখালীতে খাবারে চেতনানাশক দ্রব্য মিশিয়ে লুটপাট

পিরোজপুরের কাউখালী উপজেলার এক বাড়িতে রাতের খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে অজ্ঞান করে লুটপাটের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অভি চক্রবর্তী (৮),বিকাশচক্রবর্তী (৩৫),আরতী চক্রবর্তী (২৯),পূর্ণিমা চক্রবর্তী (১৪)উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
 
শনিবার গভীর রাতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের জব্দকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ওই বাড়ি থেকে নগদ টাকা,স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।
 
জানা গেছে, ওই গ্রামের বিকাশ চক্রবর্তীর ঘরে ঢুকে কে বা কারা শনিবার বিকালে রাতের খাবারে চেতনানাশক দ্রব্য মিশিয়ে দেয়। রাত আটটার পর খাবার শেষে পরিবার সবাই অজ্ঞান হয়ে যায়। গভীর রাতে দুর্বৃত্তরা সিদ কেটে ঘরে প্রবেশ করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
 
প্রতিবেশীরা জানায়, সকালে বাড়ির লোকজনের কোন সাড়া শব্দ না পেয়ে তারা ঘরের দরজা ভেঙ্গে ওই চারজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।  এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকাশ ও পূর্নিমার  জ্ঞান ফিরেনি বলে জানা গেছে।
 
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।