‘সিল্ক পুনরুজ্জীবিত করতে টাস্কফোর্স গঠন করা হবে’

 
এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেছেন, ‘রাজশাহী সিল্কের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার দায়িত্ব এফবিসিসিআই ও রাজশাহী চেম্বার অব কমার্সের। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এবং রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ আপনাদের (ব্যবসায়ী) সহযোগিতা নিয়ে টাস্কফোর্স অন সিল্ক রিভাইভাল গঠন করে এ কাজ করা হবে।’
 
রবিবার দুপুরে রাজশাহী চেম্বার অব কমার্স মিলনায়তনে ‘রাজশাহী বিভাগের রেশম এবং অন্যান্য শিল্পের সমস্যা এবং সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
এফবিসিসিআই সভাপতি বলেন, ‘এ জন্য সরকার এবং দেশের সকল ব্যাংক আপনাদের পাশে থাকবে। প্রয়োজনে পাঁচ হাজার কোটি টাকার টার্গেট থাকবে। তবে আপনাদের প্রতিশ্রুতি দিতে হবে, আমাদের সুতা দিয়ে আমরা কাজ করতে চাই, শাড়ি বানাতে চাই।’
 
রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সহসভাপতি মাহবুবুল আলম।