বন্যা কবলিত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীর দুর্গম চর এলাকা কাপাসিয়া ইউনিয়নের কাজিয়ার চরে শনিবার গভীর রাতে গণ নৌ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল ওই চর থেকে সাত জন কৃষকের ২৯ টি গরু লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে ওই চরের সামাদ নাইয়ার ছেলে সালু মিয়া (৪০) ও সানারুল মিয়া (৩২) জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার দিবাগত রাত একটার দিকে তিস্তা নদী দিয়ে নৌকায় করে কাজিয়ার চর এসে বানভাসি মানুষদের উপর হামলা চালায় ৩০/৪০ জনের একদল সশস্ত্র ডাকাত। পরে আগ্নেয়াস্ত্রের মুখে বাড়ির মালিকদের জিম্মি করে নৌ ডাকাতরা পর্যায়ক্রমে আবুল কালাম মন্ডলের বাড়ি থেকে পাঁচটি, ওমর আলীর ছয়টি, নুরন্নবী মিয়ার ছয়টি, মমতাজ মিয়ার পাঁচটি, রফিকুলের একটি, মমতাজ আলীর পাঁচটি, এরশাদ আলীর একটি গরু লুট করে নৌকায় তোলার জন্য নিয়ে যেতে থাকে। এ সময় গ্রামের লোকজন একত্রিত হয়ে ডাকাতদের বাধা দিলে তারা ১০ রাউন্ড গুলি বর্ষণ করে গরু নিয়ে নৌকায় করে পালিয়ে যায়। এ সময় ওই দুইজন গুলিবিদ্ধ হন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজ্জাম্মেল হক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতদের আটক ও লুট হওয়া গরু উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।