নৌরুটে পলি অপসারণ: সিনো হাইড্রোর ড্রেজার লৌহজং টার্নিংয়ে

অবশেষে পদ্মা সেতুর বড় আকারের ড্রেজার দুটি রবিবার বিকালে লৌহজং টার্নিয়ে পৌঁছেছে। তবে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের পলি অপসারণে এখনও কাজ শুরু হয়নি। তাই দশম দিনের মত এই রুটে ফেরি সার্ভিস অচল রয়েছে।
 
বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) সুলতান আহমেদ খান জানান, ড্রেজিংয়ের প্রস্তুতি শুরু হয়েছে, সোমবার ডেজিং শুরু হবে।
 
নির্বাহী প্রকৌশলী সুলতান আহমেদ খান বলেন, ‘চীনা ড্রেজারের দায়িত্বে থাকা পদ্মা সেতুর নদী শাসনের উপ প্রকল্প পরিচালক জাং লিং তাকে জানিয়েছেন সোমবার থেকে ড্রেজিং শুরু করা সম্ভব হবে। লৌহজং টার্নিং পয়েন্টের পাঁচ থেকে ছয় লাখ ঘন ফুট পলি মাটি অপসারণের সিদ্ধান্ত হয়েছে। সিনো হাইড্রোর প্রতিটি ড্রেজার প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার মাটি খনন করতে সক্ষম। তাই প্রতিদিন কমপক্ষে ৫০ হাজার পলি মাটি অপসারন করা যাবে।’