মঙ্গলবার থেকে টাকা ছাড়া আর মিলবে না জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা। পরিচয়পত্র হারালে দিতে হবে দু’শ’ টাকা। বিদ্যমান জাতীয় পরিচয়পত্র নবায়ন, হারানো, সংশোধন করতে এতদিন কোনো ফি দিতে না হলেও আগামীকাল অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট অংকের ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে ফ্রি জাতীয় পরিচয়পত্রের সেবা পেতে রবিবার অনেকে ভিড় জমান ইসলামিক ফাউন্ডেশনে অবস্থিত জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে। কিন্তু সেখানে পর্যাপ্ত জনবল না থাকায় সেবা প্রত্যাশীদের দুর্ভোগে পড়তে হয়।
সেবা নিতে যা খরচ হবে : ব্যক্তিপর্যায়ে আইডি কার্ড নবায়নের জন্য ১০০ টাকা এবং জরুরি ভিত্তিতে পেতে ১৫০ টাকা দিতে হবে। হারানো বা নষ্ট হওয়ার জন্য নতুন আইডি কার্ড পেতে প্রথমবারে ২০০ টাকা, জরুরি পেতে ৩০০ টাকা, দ্বিতীয়বারে ৩০০ টাকা, জরুরি পেতে ৫০০ টাকা এবং পরবর্তী প্রত্যেকবারের জন্য ৫০০ টাকা এবং জরুরি পেতে এক হাজার টাকা ফি দিতে হবে।
আইডি কার্ডে ভুল সংশোধনের জন্য প্রথমবার আবেদনে ২০০ টাকা, দ্বিতীয়বার ৩০০ টাকা এবং পরবর্তী যে কোন বারে ৪০০ টাকা লাগবে। কার্ডে উল্লেখিত তথ্য-উপাত্ত সংশোধনে প্রথমবার ১০০ টাকা, দ্বিতীয়বার ২০০ টাকা এবং পরবর্তী যে কোন বারে ৩০০ টাকা হারে চার্জ প্রদান করতে হবে।
এ ছাড়া যেসব প্রতিষ্ঠান অনলাইনে তাদের গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র যাচাই সেবা পেতে চায়, তাদের জন্য এককালীন নিবন্ধন ফি চার্জ পাঁচ লাখ টাকা ধরা হয়েছে। সরকারি সংস্থা বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের জন্য এক্ষেত্রে প্রতিবারের জন্য ১ টাকা এবং বেসরকারি পর্যায়ে চার্জ ২ টাকা নির্ধারণ করা হয়েছে।