বার্সেলোনাতেই ভালো আছি : নেইমার

বার্সেলোনাতেই ভালো আছেন বলে জানালেন ব্রাজিলের অধিনায়ক নেইমার। কিছুদিন আগে হঠাৎ করেই নেইমারের বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার গুঞ্জন ছড়িয়েছে ইউরোপের ফুটবল জগতে। তাতে ভক্তরাও বেশ চিন্তায় পড়ে গিয়েছিল। তবে ভক্তদের সব চিন্তা দূর করে দিলেন নেইমার নিজেই। বার্সেলোনাতেই থাকছেন জানিয়ে নেইমার বলেন, ‘বার্সেলোনাতেই ভালো আছি। আমি বার্সাতেই থাকবো। এটা নিয়ে ভক্তদের চিন্তার কোন কারণ নেই।’
 
ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ছেড়ে ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেন নেইমার। বার্সার হয়ে গেল দুই মৌসুম মাঠ মাতিয়েছেন তিনি। গত আসরে ট্রেবল জয় করে বার্সেলোনা। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে নিজের চৌকুস নৈপুণ্য প্রদর্শন করেছেন তিনি। সর্বশেষ আসরে ৫১ম্যাচে ৩৯গোল করেন নেইমার। 
 
শুধুমাত্র ক্লাব ফুটবলেই নয়, জাতীয় দলের হয়েও নেইমারের পারফরমেন্স ছিলো চোখে পড়ার মতো। জাতীয় দল ও ক্লাব ফুটবলে নেইমারের দুর্দান্ত পারফরমেন্সে নজর পড়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। তাই নেইমারকে দলে ভেড়াতে উঠে-পড়ে লেগেছে ম্যান’ইউ'- বেশ কিছুদিন যাবৎ এমন খবর চাউর হয়েছে ইউরোপে।
কিন্তু এমন গুঞ্জনে ম্যান’ইউ’র কোনো লাভ হবে না বলে নিজেই জানালেন নেইমার। তিনি বলেন, ‘এমন কথা আমিও শুনেছি। কিন্তু এই খবর নিয়ে আমি মোটেও চিন্তিত নই। কারণ, দলের সতীর্থদের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছি।’
 
লা-লীগায় ইতোমধ্যে দু’টি ম্যাচ খেলে ফেলেছে বার্সেলোনা। দু’টিতেই জয় পেয়েছে বার্সা। তবে মাম্পসের সমস্যা থাকায় বার্সার জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলতে পারেননি নেইমার। দলের দুর্দান্ত শুরুতে অভিভূত নেইমার। তাই এই মৌসুমে বার্সেলোনাকে সবচেয়ে বেশি শিরোপা এনে দেয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানালেন নেইমার। নেইমার বলেন, ‘গতবারের মতো এবারের মৌসুমেও ভালো ফল করবে বার্সেলোনা। আমাদের মূল লক্ষ্য শিরোপা জয় করা। দলের শিরোপা জয়ের জন্য যা করা দরকার সবটুকুই উজার করে দেবো।’ 
 
-বাসস