ভারি বৃষ্টিপাতে ভূমিধসের আশঙ্কা

 
ভারি ও অতি ভারি বৃষ্টিপাতের কারণে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। সোমবার আবহাওয়া অফিসের একটি সতর্কবার্তায় এই সতর্ক বাণী করা হয়েছে।
 
আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের উপর মৌসুমী বায়ুর প্রভাব সক্রিয় রয়েছে এবং এটি উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকাসহ কয়েকটি বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
 
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।-বাসস।