ডান পায়ের ইনজুরির কারণে শেষ মুহূর্তে ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা। তার এই সিদ্ধান্তে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসের সামনে এক মৌসুমে সবকটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের বিরল কৃতিত্ব লাভের পথ বেশ সহজ হয়ে গেল।
শারাপোভার নাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস ওপেন টুর্নামেন্ট পরিচালক ডেভিড ব্রুয়ার। তার স্থানে বাছাই খেলোয়ার হিসেবে রাশিয়ার ডারিয়া কাসাটকিনা সুযোগ পেয়েছেন।
টুইটারে এ সম্পর্কে শারাপোভা লিখেছেন, "দূর্ভাগ্যবশতঃ এ বছরের ইউএস ওপেনে আমার খেলা হচ্ছে না। নিজেকে প্রস্তুত করে তোলার জন্য আমি সম্ভাব্য সব কিছুই করেছি। কিন্তু শতভাগ ফিট হবার জন্য সময়টা যথেষ্ঠ ছিলনা। আমার সব অসাধারণ সমর্থকদের উদ্দেশ্যে বলতে চাই, খুব শিগগিরই আমি কোর্টে ফিরে আসবো। সুস্থ ও সুন্দরভাবে বছরটা শেষ করাই এখন মূল লক্ষ্য।"
এবারের ড্র অনুযায়ী সেমিফাইনালেই সেরেনার অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে শারাপোভাকে মোকাবেলা করার কথা ছিল। এখন শারাপোভার অনুপস্থিতিতে শেষ চারে সপ্তম বাছাই সার্বিয়ান আনা ইভানোভিচ ৩৩ বছর বয়সী সেরেনার সম্ভাব্য প্রতিপক্ষ। ১৯৮৮ সালে স্টেফি গ্রাফের পরে প্রথম খেলোয়াড় হিসেবে এক বছরে চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের দারুন এক সুযোগ এবার সেরেনার সামনে।
গত মাসে উইম্বলডনের সেমিফাইনালে সেরেনার কাছে পরাজতি হবার পর থেকে ইনজুরির কারনে কোর্টে নামতে পারেননি শারাপোভা। এ সম্পর্কে শারাপোভা জানিয়েছেন এটি প্রতিদিনের একটি প্রক্রিয়া। প্রতিদিনই নিজেকে কিছুটা সুস্থ মনে হয়। এখানে জোড় করে কোন কিছু করার উপায় নেই।