বগুড়ায় অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার ২

বগুড়ার হাজীগাড়ী এলাকায় অভিযান চালিয়ে শামীম মিয়া (২৭) নামের অপহৃত এক যুবককে উদ্ধার করেছে র‌্যাব। এসময় অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। রোববার রাতে ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি-র‌্যাব-১২ অভিযান পরিচালনা করে। উদ্ধার হওয়া শামীম মিয়া গাইবান্ধার খামার গোবিন্দপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে।
 
অপহরণ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতারকৃতরা হলো- বগুড়ার পূর্বপালশার শাহেদ শেখ ওরফে মনি (২৫) ও একই গ্রামের কামরুজ্জামান (২৫)।
 
সোমবার দুপুরে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার আরেফা খাতুন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগাড়ী এলাকায়  অভিযান চালানো হয়। অভিযানে অপহৃতকে উদ্ধারসহ অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। তবে অপহৃত শামীম মিয়া ও প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য বলে জানা গেছে। আসামিসহ প্রতারকচক্রের সদস্য হওয়ায় উদ্ধার হওয়া শামীম মিয়াকেও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা। 
 
গাইবান্ধা জেলা সদরের খামার গোবিন্দপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে শামীম মিয়া ২৭আগস্ট থেকে নিখোঁজ হয় । এ ঘটনায় তার  পরিবারের পক্ষ থেকে ২৮আগস্ট গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। পরবর্তীতে বিষয়টি র‌্যাবকে জানানো হলে র‌্যাব অভিযান চালিয়ে শামীমকে উদ্ধার করে।