ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমি অধিগ্রহণ সংক্রান্ত তার বিতর্কিত নির্বাহী আদেশ বাতিল করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, সোমবার নির্বাহী আদেশটি বাতিল করা হবে।
প্রধানমন্ত্রী প্রত্যন্ত গ্রামীণ জনগোষ্ঠীর উদ্দেশে দেয়া মাসিক রেডিও বক্তৃতায় বলেন, সরকারের সংস্কার কর্মসূচি নিয়ে মিথ্যাচার ছড়ানো হয়েছে বলেই কৃষকরা ভূমি সংস্কারের বিরোধিতায় নেমেছে। মোদী বলেন, ‘আমরা ভূমি অধিগ্রহণ সংক্রান্ত একটি অধ্যাদেশ এনেছি যা সোমবার থেকে বাতিল হয়ে যাবে।
মোদী সরকার গত ডিসেম্বরে ভূমি অধিগ্রহণ বিল ঘোষণার পর পার্লামেন্টে ব্যাপক বিরোধিতার মুখে পড়েন। এর ফলে নির্বাহী আদেশ জারি করেন তিনি। দলের নেতারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই অধ্যাদেশটি বাতিল করার ইঙ্গিত দিচ্ছিলেন। তবে এই প্রথমবার তিনি এ বিল ইস্যুতে হার মেনে নিলেন।
মোদী বলেন, কৃষকরা যাতে আর্থিক ক্ষতির সম্মুখীন না হয় সেজন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি বলেন, কৃষকের স্বার্থে আমরা যে কোন পরামর্শ গ্রহণ করবো। সূত্র: এএফপি