সীতাকুণ্ডে সন্ত্রাসীরা নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে তুলে নেয়ার ঘটনা ইত্তেফাক অনলাইনে প্রকাশের পর সন্ত্রাসীরা তাকে ছেড়ে দিয়েছে। দুপুর দেড়টার সময় ৭নং ইউনিয়নের কুমিরা এলাকায় তাকে ছেড়ে দেয়।
এলাকাবাসী জানায়, শিশুটির বাড়ি নডালিয়া গ্রামে। টেক্সটাইল বিদ্যানিকেতনে পড়াশোনা করে সে। প্রাইভেট পড়ার জন্য হাইওয়ে পার হওয়ার সময় সন্ত্রাসীরা কালো রঙের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে চট্টগ্রামের দিকে চলে যায়। এ খবর শুনে তার বাবা সীতাকুণ্ড থানায় একটি অভিযোগ দায়ের করেন। দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইনে সংবাদটি প্রকাশিত হয়। এটি সন্ত্রাসীরা জানতে পেরে ও পুলিশি তৎপরতা দেখে শিশুটিকে ছেড়ে দেয়।
এ ব্যাপারে সীতাকুণ্ডে মডেল থানার এস আই গাজী মিজান বলেন, 'সংবাদটি অনলাইনে প্রকাশ হলে শিশুর বাবার সঙ্গে সন্ত্রাসীরা মোবাইলে যোগাযোগ করে। তিনি মোবাইল নাম্বারটি আমাদেরকে জানান। আমরা অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করি। তারা আমাদের তৎপরতা বুঝতে পেরে শিশুকে কুমিরা এলাকায় ছেড়ে দেয়। পুলিশ ফোর্স পাঠিয়ে তাকে থানায় নিয়ে আসি।'