উজানের ঢলে তিস্তায় পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে বন্যা কবলিত হয়ে পড়েছে তিস্তা অববাহিকার ২৫টি গ্রাম ও চর।
ডালিয়া পাউবো বন্যা নিয়ন্ত্রণ ও পূর্বাভাস সূত্র জানায়, উজানের ঢলে আজ সকাল ছয়টা থেকে নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। এর আগে রবিবার সন্ধ্যা বিপদসীমার ১৩ সেন্টিমিটার ও রাত নয়টায় ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের সব কয়টি (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে বলে জানান ডালিয়া পাউবো উপ সহকারী প্রকৌশলী সুরত উজ জামান।
পানি বৃদ্ধির ফলে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার ১০ ইউনিয়ন ও লালমনিরহাট জেলার হাতিবান্ধা, কালিগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের সহস্রাধিক পরিবার বন্যা কবলিত হয়ে পড়েছে। ঘরবাড়িগুলো হাঁটু পানিতে তলিয়ে গেছে।
খালিশা চাপানী ইউনিয়নের বাইঁশ পুকুর ইউনিয়নের পশ্চিম বাইঁশপুকুর চরের সহিদুল ইসলাম জানান, চরের প্রতিটি বাড়ির ঘরের ভেতর পানি প্রবেশ করেছে।
পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আব্দুল লতিফ খান বলেন, তিস্তা বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, বন্যা কবলিত এলাকাগুলো মনিটরিং করা হচ্ছে এবং সরকারিভাবে শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে।