ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা অধ্যক্ষের গাড়িতে হামলা, বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর মাদরাসার অধ্যক্ষ মেরাজুল হক কাসেমীর উপর হামলার প্রতিবাদে জেলা সদর ও আখাউড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাদরাসার শিক্ষার্থীরা।
 
সোমবার দুপুর ১২টার দিকে জেলার প্রধান মাদরাসা কান্দিপাড়াস্থ জামিয়া ইউনুসিয়া থেকে কয়েক শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করে।
 
মাদরাসার মুহাদ্দিস মাওলানা নোমান আল হাবিরীর সভাপতিত্বে মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা মাহবুবুল হাসান, মাওলানা আতাহার আলী ও মো. ইমরান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
 
অন্যদিকে সকালে আখাউড়া উপজেলার সুহিলপুর মাদরাসার ছাত্ররা পৌরশহরের লাল বাজার থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে মিছিলকারীরা পৌরশহরের সড়ক বাজারে প্রতিবাদ সমাবেশ করে। এতে মুফতি আসাদুজ্জামান, মাওলানা আসাদুল হাবীব, মো. বিল্লাল হোসেন, কাজী মাঈনদ্দিন, হাজী ইয়াকুব প্রমুখ বক্তব্য রাখেন।
 
বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
 
উল্লেখ্য, রবিবার রাতে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের গুলখার গ্রামে এলাকাবাসীর উদ্যোগে ১৫দিন ব্যাপী কোরআন তাফসির মাহফিলে যোগ দিতে যাবার সময় রানীখার বাজারে ১০/১৫ জন দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে মেরাজুল হক কাসেমীর গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর চালায়।