উন্নয়নের বিলবোর্ড প্রদর্শনের উদ্যোগ

 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাতিসংঘ সফরকে কেন্দ্র করে পরিকল্পনা মন্ত্রণালয় দেশের ১১টি সিটি কর্পোরেশনে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বিলবোর্ড প্রদর্শন করতে যাচ্ছে। সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে এ বিলবোর্ড প্রদর্শন শুরু হবে।
 
প্রত্যেক সিটি কর্পোরেশন নিজেরা অথবা স্পন্সর দিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার করবে। সোমবার বিকেলে এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে বাংলাদেশের ১১টি সিটি কর্পোরেশনের মেয়রদের সাথে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
 
বৈঠকে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, প্রকল্পের সাথে জনগণকে যত বেশি মাত্রায় সম্পৃক্ত করা যাবে উন্নয়ন তত বেশি টেকসই হবে। পৃথিবীর প্রতিটি দেশেই উন্নয়ন কার্যক্রমের প্রদর্শন হয়। আমাদের এখানেও এ প্রদর্শনের মাধ্যমে সব স্তরের জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করা হবে।
 
ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ইতিমধ্যে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শহরে বিলবোর্ড থাকবে তবে তা নিয়মতান্ত্রিক হতে হবে। আমরাও বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমের বিলবোর্ড প্রচারণাকে ইতিবাচক হিসেবে দেখছি এবং এক্ষেত্রে সরকারকে সর্বাত্মক সহযোগিতা দেবো।
 
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন এ সময় বলেন, এখন সময় এসেছে আমাদের উন্নয়ন কার্যক্রমকে সবার সামনে তুলে ধরার। এর মাধ্যমে আমরা নতুন উন্নয়ন ধারনা পাবো।
 
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, উন্নয়নকে টেকসই করতে হলে তা প্রচারেরও ব্যবস্থা করতে হয়। এতে করে কেউ যদি সমালোচনা করে তাতেও অন্তত একটি পথ বের হয়ে আসে। ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার জন্য এটি দরকার।
 
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবীব কামাল বলেন, দলমত নির্বিশেষে উন্নয়ন সবার জন্য। আমরা রাজনীতি করি উন্নয়নের জন্য। সারা দেশ ব্যাপী এই উন্নয়ন প্রচার কার্যক্রমকে আমি সমর্থন দিচ্ছি।