সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ার ঘাট এলাকার ভাটেরটেক গ্রামের শ্রীরমতি হাওরে পল্লি বিদ্যুতের তারে জড়িয়ে পিতা ও পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়। সোমবার রাত ৮টায় এই হতাহতের ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সুরমা ইউনিয়নের ভাদারটেক গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে আব্দুছ ছাত্তার ও তার পুত্র দশম শ্রেণির ছাত্র মো. রমজান মিয়া।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার সন্ধ্যার দিকে শ্রীরমতি হাওরে মাছ ধরতে যান সদর উপজেলার সুরমা ইউনিয়নের ভাদারটেক গ্রামের আব্দুস ছাত্তার ও তার ছেলে মো. রমজান মিয়া। মাছ ধরা শেষে হালুয়ারঘাট বাজারে মাছ বিক্রি করে নৌকা নিয়ে বাড়ি ফেরার পথে পল্লিবিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পিতা পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়। কিন্তু রাতে বাড়ি ফিরে না গেলে তার আত্মীয় স্বজনরা অনেক খোঁজার পরেও রাতে তাদের সন্ধান পান নি। পরে মঙ্গলবার ভোর ৬টার দিকে পল্লি বিদ্যুতের খুঁটির পাশে তাদের পা ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে এলাকাবাসীর সহায়তায় পিতা-পুত্রের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।
সুরমা ইউপি চেয়ারম্যান মো. আব্দুস ছাত্তার বলেন, ছয়মাস ধরে বিদ্যুতের তার পানির সমানে সমান থাকায় বার বার কর্তৃপক্ষকে অভিযোগ জানানোর পরও ব্যবস্থা না নেয়ায় পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। তাদের লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।