তৃতীয় গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্যে ইউএস ওপেনের শুরুটা দুর্দান্ত হয়েছে নোভাক জকোভিচের। প্রথম রাউন্ডে ব্রাজিলের জো সোওজাকে প্রায় উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন টেনিসের এক নম্বর তারকা।
নিউ ইয়র্কে সোমবার রাতে সোওজাকে হারাতে জকোভিচের সময় লাগে মাত্র এক ঘণ্টা ১৪ মিনিট। সোওজাকে ৬-১, ৬-১, ৬-১ গেমে হারান এই সার্বিয়ান তারকা।
জয়ের পর জকোভিচ বলেন, নম্বর ওয়ান আমার কাছে বিশেষ কিছু, এটা ভালোবাসি আমি। আশা করি এটা ধরে রাখতে পারব আমি।
এ বছর অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডনের শিরোপা জিতেছেন জকোভিচ। এবার ইউএস ওপেন জিতলে বছরের তৃতীয় গ্র্যান্ডস্লাম ঘরে তুলবেন এই সার্বিয়া তারকা।