লক্ষ্মীপুরে চরাঞ্চল প্লাবিত

মেঘনায় ৯০সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে লক্ষ্মীপুরে। এতে মেঘনা উপকূলীয় লক্ষ্মীপুর জেলার রায়পুর, কমলনগর ও রামগতি উপজেলার চরাঞ্চলে প্রায় অর্ধলক্ষাধিক লোক পানিবন্দী হয়ে পড়েছে। 
 
জোয়ারের পানিতে রায়পুরের বেড়ি বাঁধের বাহিরে চরকাছিয়া, চরজালিয়া, চরলক্ষ্মী, কানিবগাচর, কমলনগর উপজেলার চরফলকন, সাহেবের হাট, চর কালকিনি, পাটারিরহাট ইউনিয়ন ও রামগতি উপজেলার  চরগজারিয়া, তেলিরচর, চর আলেকজান্ডার, চরআলগী ও বড়খেরীসহ প্রায় ১০টি ইউনিয়নের ফসলি জমি ও রাস্তাঘাট তলিয়ে গেছে। এতে রোপা আমন, আউশ ধানসহ শাক সবজি নষ্ট হয়ে গেছে। কয়েকশ ঘের ও পুকুরে মাছ ভেসে গেছে। 
 
চাঁদপুর সেচ প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) বদরউদ্দিন মোল্লা বলেন, 'গত তিন দিনে মেঘনা নদীতে পূর্ণিমার জোয়ারে ৯০ সেন্টিমিটারের মতো পানি বৃদ্ধি পায়। এতে চাঁদপুর সেচ প্রকল্পের ভিতর হতে পানি নিষ্কাশনের কাজ ব্যহত হচ্ছে।  ফলে এলাকায় জলবদ্ধতা বৃদ্ধি পেয়েছে।'