পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি এলাকায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় ৩১ জন আহত হয়। কেউ তাৎক্ষণিকভাবে হামলার দায়িত্ব স্বীকার করেনি। খবর এএফপি’র।
দেশটির কর্মকর্তারা জানান, মঙ্গলবার স্থানীয় সরকার কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
আফগান সীমান্তবর্তী গোলযোগপূর্ণ খাইবার উপজাতি অঞ্চলের জমরুদ শহরে এ হামলা চালানো হয়। সেখানে সামরিক বাহিনী তালেবান ও বিভিন্ন ইসলামী জঙ্গি গ্রুপের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
খাইবার অঞ্চলের শীর্ষ প্রশাসনিক কর্তকর্তা শাহাব আলী শাহ বলেন, আত্মঘাতী বোমা হামলাকারী স্থানীয় সরকার কার্যালয়ের ওই দপ্তরের সামনে নিজেকে উড়িয়ে দেন। এতে কমপক্ষে ছয়জন নিহত ও ৩১ জন আহত হয়।
তিনি আরো জানান, নিহতদের মধ্যে চার উপজাতি পুলিশ সদস্য এবং আহতদের মধ্যে আরো ১৫ সদস্য রয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক।
নেক মোহাম্মাদ নামের অপর উপজাতি প্রশাসনিক কর্মকর্তা এ হামলার খবর নিশ্চিত করেন।