সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীদের ওপর হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন আল-শাবাব। এতে অন্তত ৫০ জন সৈন্য নিহত হয়েছেন। মঙ্গলবার জঙ্গি সংগঠনের এক মুখপাত্র আল-জাজিরাকে এই তথ্য জানিয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সাবেল্লে প্রদেশের জানালেতে মঙ্গলবার ভোরে এই হামলা চালানো হয়েছে। তবে তাত্ক্ষণিকভাবে হতাহতের খবর জানাতে পারেননি তারা।
বাসিন্দারা জানিয়েছেন, জানালেতে সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের শান্তিমিশন ‘এএমআইএসওএম’ এর ঘাঁটিতে হামলা চালানোর সময় একটি গাড়ি বোমা ব্যবহার করা হয়।
এরপর জঙ্গিরা সেখানে ভারি অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ৫০ জন সৈন্য নিহত হন। নিহতদের মধ্যে বেশিরভাগ উগান্ডার নাগরিক।
হামলা সম্পর্কে আফ্রিকান ইউনিয়ন বা সোমালিয়া সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে জুলাইয়ে লেগোতে হামলা চালিয়েছিল আল-শাবাব। সেখানে এএমআইএসওএমের অনেক সৈন্য নিহত হয়েছিল।