‘সিদ্ধান্তের আগে পরিবহনের ভাড়া বৃদ্ধি করলে ব্যবস্থা’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণপরিবহনের ভাড়া বৃদ্ধির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে যারা ভাড়া বৃদ্ধি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
 
মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে তিনি এসব কথা বলেন। 
 
ওবায়দুল কাদের বলেন, আগামী ৫-১০ সেপ্টেম্বরের মধ্যে ভাড়া পুনর্নির্ধারণে সংশ্লিষ্ট দু’টি কমিটি বাস্তব অবস্থা বিবেচনা করে জনস্বার্থে এ বিষয়ে সুপারিশ করবে। এরপরই সিদ্ধান্ত জানানো হবে। 
 
মন্ত্রী বলেন, কমিটির সুপারিশ ছাড়া ভাড়া বাড়ানো যাবেনা। আগের হারে ভাড়া নিতে হবে। গ্যাসের দাম বৃদ্ধির পর যারা ভাড়া বৃদ্ধি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে বলা হবে।