মেহেরপুরে ইজিবাইক চালকদের সড়ক অবরোধ

মেহেরপুরের দুটি আঞ্চলিক মহাসড়কসহ আন্তজেলা সব সড়কে ইজিবাইক চলাচলের দাবি ও চালকদের মারধরের প্রতিবাদে মেহেরপুরে সড়ক অবরোধ করেছে ইজিবাইক চালকরা।  মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওয়াপদা মোড়ে অবরোধ করে তারা। মেহেরপুর-কুষ্টিয়া ও মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কসহ আন্তজেলা সব সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় অবরোধকারীরা। তারা দুটি বাস ভাংচুর করেছে বলে অভিযোগ করে জেলা বাস মালিক সমিতি।
 
বাস মালিকদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে জেলার সব সড়কে ইজি বাইক চলাচলের দাবি জানায় তারা। এতে বন্ধ হয়ে পড়ে বাস চলাচল। প্রতিবাদে দুপুর বারটার দিকে হোটেল বাজার থেকে কোর্ট মোড় পর্যন্ত অন্তত ২২টি ইজিবাইক ভাংচুর করে বাস শ্রমিকরা।
 
জেলা ইজিবাইক মালিক সমিতির সভাপতি সাজ্জাদুল আনাম জানান, মালিক সমিতির পক্ষ থেকে ইজিবাইক চলাচলে বাঁধা দিলে গত কয়েকদিন আগে থেকে আন্দোলন শুরু হয়। এর মধ্যে সোমবার পন্ডেরঘাট এলাকায় দুজন ইজিবাইক চালককে মারধর করে বাস শ্রমিকরা। এর প্রতিবাদে ও জেলার সড়কে নির্বিঘ্নে চলাচলের দাবিতে সড়ক অবরোধ করেছে তারা।
 
এ দিকে আবরোধকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তোলার চেষ্টা করছেন অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান ও সদর থানা ওসি আহসান হাবীব। আতিরিক্ত পুলিশ সুপার জানান, বৈঠক করে বিষয়টির সমাধান করা হবে। আপাতত সড়ক অবরোধ তুলতে অবরোধকারীদের বলা হয়েছে।