আত্রাইয়ে পাইকড়ার ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিককে (৪৩) দুর্বৃত্তরা খুন করেছে। মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী রাজশাহীর বাগমারার সিদাখালী ব্রিজের কাছ থেকে তার লাশ উদ্ধার করেছে বাগমারা থানা পুলিশ। তিনি আলহাজ হাবিবুর রহমান মাস্টারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবু বক্কর সোমবার বিকালে বাড়ি থেকে বাগমারার ভবানীগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। আর ফেরেননি তিনি। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে নিয়ে যায়।
বাগমারা থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, 'আবু বক্করের শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য জখমের চিহ্ন রয়েছে। তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত খুনের প্রকৃত কারণ বলা যাচ্ছে না। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আত্রাই উপজেলার বড়াইকুড়ি গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনকে (৪২) আটক করেছে।'
এ ঘটনায় বাগমারা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।