শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদে যাচ্ছেন না ডেভিড ডি গিয়া। স্প্যানিশ ফুটবলের ট্রান্সফার মার্কেটের নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাগজ পত্র দাখিল করতে ব্যর্থ হওয়ায় অন্তত জানুয়ারি পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে থাকছেন এই স্প্যানিশ গোলরক্ষক।
চলতি মৌসুমের দলবদলের বাজারে সবচেয়ে বেশি জল ঘোলা হয়েছে ম্যানইউ এর গোলরক্ষক ডেভিড ডি গিয়ার রিয়ালে যোগ দেওয়া নিয়ে। গত মৌসুমে ম্যানইউ এর সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা এই তরুণ রিয়ালে চলে যাবেন এটা নিশ্চিত ছিল। ম্যানইউ গো ধরে বসেছিলো ডি গিয়া গেলে তাদের সার্জিও রামোসকে দিতে হবে । কিন্তু রামোস চুক্তি নবায়ন করার পর সেই সম্ভাবনা শেষ হয়ে যায় এবং ম্যানইউ গো ধরে বসে থাকে। শেষ পর্যন্ত দলবদলের বাজারের শেষদিনে ৩১ আগস্ট রিয়ালের বর্তমান গোলরক্ষক কেইলর নাভাসের পরিবর্তে ডি গিয়াকে ছাড়তে সম্মত হয় ইংলিশ ক্লাবটি।
ডি গিয়া ৩০ মিলিয়ন ইউরোতে রিয়ালে এবং নাভাস ১৫ মিলিয়ন ইউরোতে ম্যানইউতে যাবেন বলে দুই পক্ষ সম্মত হয়। কিন্তু শেষ পর্যন্ত স্প্যানিশ কর্তৃপক্ষের কাছে সময়মত কাগজপত্র জমা দিতে ব্যর্থ হওয়ায় ডি গিয়া অন্তত জানুয়ারি পর্যন্ত ম্যানইউ এরই থাকছেন। ৩১ আগস্ট রাত ১২ টার মধ্যে সব কাগজ এলএফপির কাছে জমা দেওয়ার কথা থাকলেও সেটা ২৮ মিনিট দেরিতে পৌছায়। এই ২৮ মিনিটের দেরিতে ৪ মাসের জন্য অনিশ্চিত পরিস্থিতির মধ্যে পড়ে গেলেন ডি গিয়া।
উল্লেখ্য, ডি গিয়া রিয়ালে চলে যাওয়ার সম্ভাবনার কারণে এই মৌসুমে এক বারও তাকে ম্যাচ ডে স্কোয়াডে রাখেননি কোচ ফন গাল।