কক্সবাজারের সেন্টমার্টিন এলাকায় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন। ট্রলারটির নয়জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
জানা গেছে, মঙ্গলবার ভোরে সেন্টমার্টিন থেকে বঙ্গোপসাগরের উত্তর পূর্বে এক কিলোমিটার দূরে নোঙ্গররত অবস্থায় হঠাত্ করে এফবি শুক্কুর নামক ট্রলারটি ডুবে যায়। পরে মাঝিমাল্লারা ভাসতে থাকে।
উদ্ধার হওয়া জেলেরা হলেন- শাহপরীর দ্বীপ এলাকার সৈয়দ হোসেন (২৬), মোহাম্মদ হোসেন (৩৫), মো. ইসলাম (৪৫), মো. হোসেন (৩০), ভুলো (৪৮), অলি (৩৪), হাসান (২৫), রফিক (৪০) ও রবি উল্লাহ (২৭)।
উদ্ধার হওয়া ফিশিং ট্রলারের জেলে সৈয়দ হোসেন বলেন, সাগরে মাছ শিকার করতে এসে হঠাত্ করে সাগর উত্তাল হয়ে গেলে সেন্টমার্টিনের কাছাকাছি এসে নোঙ্গর করে ঘুমিয়ে পড়ি। হঠাত্ করে ভোরে ট্রলারটি ডুবে যায়। পরে কোস্টগার্ড আমাদেরকে উদ্বার করে সেন্টমার্িটনে নিয়ে আসেন। আমরা ১১ মাঝি-মাল্লা ওই ট্রলারে ছিলাম। এদের মধ্যে ৯ মাঝি-মাল্লা উদ্ধার হয়েছে। দুইজন এখনো নিখোঁজ রয়েছেন।