শাহজালালে সাদা পাউডারসহ পেরুর নাগরিক গ্রেফতার

 
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ৮০০ গ্রাম সাদা পাউডারসহ জেইমে বারডাল গোমেজ নামে পেরুর এক নাগরিককে গ্রেফতার করেছে অভিবাসন বিভাগ। উদ্ধার হওয়া পাউডার কোকেন বলে সন্দেহ করা হচ্ছে। মঙ্গলবার বেলা একটার দিকে তাকে গ্রেফতার করা হয়। 
 
অভিবাসন বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম জানিয়েছেন, সকাল আটটা ৪০ মিনিটে  ব্রাজিলের সাও পাওলো থেকে একে ৫৮২ এর ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন ক্লিয়ারিয়ংয়ের পর দুপুর একটার দিকে সন্দেহ হলে জেইমেকে আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে তার লাগেজ থেকে এক কেজি ৮০০ গ্রাম সাদা পাউডার উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এগুলো কোকেন। তবে এটি নিশ্চিত হওয়ার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। 
 
এর আগেও গত বছর রাজধানীর কাওরান বাজারের একটি আবাসিক হোটেল থেকে পেরুর আরেক নাগরিককে দুই কেজি কোকেনসহ গ্রেফতার করা হয়েছিল।