মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ছয় বছরের প্রেসিডেন্ট মেয়াদে দুর্গম পথ পাড়ি দিয়ে টিকে গেছেন। এখানে দুর্গম শব্দটি রূপক অর্থে ব্যবহৃত হলেও এবার সত্যি সত্যি দুর্গম পথ পাড়ি দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। কিংবদন্তি বেয়ার গ্রিলসের সঙ্গে তুষারাবৃত আলাস্কার অরণ্যে টিকে থাকার লড়াইয়ে নামবেন তিনি।
বিখ্যাত টিভি শো সারভাইভাল উইথ বেয়ার গ্রিলসের প্রযোজক এনবিসি একটি নিউজ রিলিজে জানিয়েছে প্রেসিডেন্ট ওবামা এই সপ্তাহে আলাস্কা সফরে যাচ্ছেন। সেখানেই গ্রিলসের সঙ্গে আলাস্কার অরণ্যে টিকে থাকার লড়াইয়ে যোগ দেবেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিটি। প্রেসিডেন্ট ওবামার উদ্দেশ্যটা অবশ্য বেশ মহৎ। বরফাবৃত আলাস্কা অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব কেমন পড়ছে সেটা দেখাই তার লক্ষ্য।
IMG0
আলাস্কার অরণ্যে সব ধরণের আধুনিক সুযোগ-সুবিধা ছাড়া কিভাবে বাঁচতে হবে সেই বিষয়ে বেয়ার গ্রিলসের কাছ থেকে একটি শর্ট কোর্সও নেবেন ওবামা। হোয়াইট হাউস জানিয়েছে মঙ্গলবার কেনাই পর্বতের এক্সিট হিমবাহে এই বিশেষ পর্বের শুটিং হবে।