ব্যাংকক-হামলা: ২ সন্দেহভাজনকে ধরিয়ে দিলে পুরস্কার

 
ব্যাংককে হিন্দু মন্দিরে ভয়াবহ বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে থাইল্যান্ডের পুলিশ। দুজনকে ধরিয়ে দেয়ার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে। শহরতলির একটি অ্যাপার্টমেন্ট ব্লকে তল্লাশি চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম পাওয়ার পর পুলিশ এ পরোয়ানা জারি করল। খবর রয়টার্সের।
 
 
থাই পুলিশের মুখপাত্র প্রাউত থাউঅর্নশিরি টেলিভিশনে এক ভাষণে বলেন, পুলিশ ২৬ বছর বয়সী একজন থাই নারী এবং ৪০ বছর বয়সী একজন বিদেশিকে খুঁজছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা এ দুইজনের ছবিও প্রকাশ করা হয়েছে। ছবিতে সন্দেহভাজন ওই নারীকে হিজাবপরা দেখা গেছে এবং তার নাম ‘ওয়ান্না সুয়ানসান’ বলে উল্লেখ করা হয়েছ। তিনি বিদেশি এক ব্যক্তির কাছ থেকে একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন। সে কারণে ওই বিদেশির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানান প্রাউত।
 
শনিবার ব্যাংকক শহরতলির জীর্ণ একটি চারতলা ভবন থেকে এক বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে থাই পুলিশ। তার কাছ থেকে ‘বেশ কিছু’ ভুয়া পাসপোর্ট ও বোমা বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয়। বিদেশি ওই নাগরিক গ্রেপ্তার হওয়ার পর থেকে আবাসিক অনেক ভবনেই তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রাউত।
 
সন্দেহভাজন দুজনকে ধরিয়ে দেয়ার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে। ১৭ অগাস্ট ব্যাংককে হিন্দুদের এরাওয়ান মন্দিরে বোমা বিস্ফোরণে ২০ জন নিহত এবং প্রায় একশ মানুষ আহত হয়। যা থাইল্যান্ডের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী বোমা বিস্ফোরণের ঘটনা।