অনলাইনে গুজব ছড়ানোর অভিযোগে চীনে ১৯৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া শেয়ার বাজারে দরপতন ও তিয়ানজিনে রাসায়নিক গুদামে বিস্ফোরণ নিয়ে তারা গুজব ছড়িয়েছিলেন বলে সোমবার সিনহুয়া জানিয়েছে।
গুজব ছড়ানোর অভিযোগে সাজাপ্রাপ্তদের মধ্যে একজন সাংবাদিক এবং শেয়ার বাজারের কর্মকর্তারাও রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। চায়না ডেইলি জানায়, রবিবার জননিরাপত্তা মন্ত্রণালয়ের ইস্যু করা এক বিবৃতিতে বলা হয়েছে, ওই সমস্ত ঘটনা নিয়ে অপতত্পরতার কারণে ১৬৫টি অনলাইন একাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।
শাস্তি পাওয়া ব্যক্তিরা তাদের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছে বলেও জানানো হয় বিবৃতিতে।
গত সপ্তাহে চীনের শেয়ার মার্কেটে প্রায় ৮% দরপতন ঘটে। অনলাইনে গুজব ছড়ানো হয়, দরপতনের কারণে এক ব্যক্তি ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। অন্যদিকে, চীনের রাসায়নিক গুদামে বিস্ফোরণে ১৫০ জনের জায়গায় ১ হাজার ৩০০ জন নিহত হওয়ার গুজব রটানো হয়।