গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট শাহ্ সূফী রোস্তম বোগদাদী (রা:) ক্যাডেট মাদরাসার আল আমিন (৯) নামে এক ছাত্রকে শারীরিক নির্যাতনের দায়ে মাদরাসাটির হেফজ বিভাগের শিক্ষককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আহসান হাবীব তাকে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত শিক্ষক হাফেজ সামিউল ইসলাম (২৪) হেফজ বিভাগের প্রধান শিক্ষক ও কুড়িগ্রাম জেলা উলিপুর উপজেলার নারিকেল গ্রামের জিন্নাত আলীর ছেলে।
সাদুল্লাপুর থানার ওসি ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস জানান, ক্লাস ফাঁকি দিয়ে বাহিরে ঘোরার অভিযোগে আল আমিনকে একটি রুমে নিয়ে দরজা-জানালা বন্ধ করে দেন ওই শিক্ষক। পরে তিনটি বাঁশের কঞ্চি দিয়ে এলোপাতাড়ি বেত্রাঘাত করে তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক জখম করেন। এ সময় আল আমিন শিক্ষকের পা ধরে ক্ষমা প্রর্থনা করেও রেহাই পায়নি।