২২ বছর পর ভারতের লঙ্কা জয়


সিংহলিজ স্পোর্টস ক্লাবে সিরিজের তৃতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ১১৭ রানে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। বিগত চার বছরে এটি ভারতের প্রথম অ্যাওয়ে সিরিজ জয়। তবে তার থেকে বড় বিষয় হল, দীর্ঘ ২২ বছর পরে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জয় করল তারা।
 

বোলারদের দাপটের এই টেস্টে  জিততে হলে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কাকে ৩৮৬ রান করতে হত। আর পঞ্চম দিনে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির প্রথম সিরিজ জিততে হলে সাত উইকেট প্রয়োজন ছিল। আর কোহলির এই অর্জনের পথে বাধা হয়েছিলো শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ও কুশাল পেরেরা। ৩৮ ওভার ব্যাটিং করে দ্বিতীয় সেশনটা প্রায় কাটিয়ে দিয়েছিলেন এই দুই জন। কিন্তু ২৪২ রানে ৭০ রান করে ষষ্ঠ উইকেটি হিসেবে কুশাল আউট হওয়ার পরে এক ধাক্কায় শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে যায়। ম্যাথিউস ১১০ রান করে সপ্তম উইকেট হিসেবে ফিরে যান। শ্রীলঙ্কার শেষ তিন উইকেট পড়ে যায় মাত্র ১৯ রানের মধ্যে। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে শীলঙ্কা থামে ২৬৮ রানে।
 

ভারতের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট পান রবিচন্দ্রন অশ্বিন। তিনটি উইকেট নেন ইশান্ত শর্মা। দুটি উইকেট লাভ করেন উমেশ যাদব এবং একটি উইকেট নেন অমিত মিশ্র।
 

শ্রীলঙ্কার মাটিতে ১৯৯৩ সালে শেষবারের মতো টেস্ট সিরিজ জিতেছিল ভারত। ওই সময় ভারতের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন। এরপর থেকে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, অনিল কুম্বলে, মহেন্দ্র সিং ধোনির মতো কত গ্রেট অধিনায়করা নেতৃত্ব দিয়েছেন টিম ইন্ডিয়াকে। তাদের নেতৃত্বে শ্রীলঙ্কার মাটিতে চারটি টেস্ট সিরিজ খেললেও সিরিজ জেতা হয়নি ভারতের।