'আমাদের গানগুলোর সুর বিকৃত করছে জি বাংলা'

 
ভারতের জি বাংলা চ্যানেলে প্রচারিত ‘সারেগামা পা-গানে গানে তোমার মনে’ অনুষ্ঠানটি তথাকথিত উপমহাদেশের সেরা মঞ্চ। তবে এই অনুষ্ঠানটিতে বাংলাদেশের পুরনো কিছু গান ভারতীয় শিল্পীরা মূল সুর ও তথ্য বিকৃত করে উপস্থাপন করছেন বলে অভিযোগ বাংলাদেশের অন্যতম গণসঙ্গীত শিল্পী ফকীর আলমগীরের।
 
এ বিষয়ে ফকীর আলমগীর বলেন, ‘তারা আমাদের দেশের যে সকল গান পরিবেশন করছে সেগুলো আমাদের অনেক পুরনো গান এবং সেগুলো আমাদের দেশের সম্পদ। কিন্তু তারা যেভাবে বিকৃত সুরে এবং তথ্য বিকৃত করে পরিবেশন করছে তাতে করে আমাদের দেশের গানগুলোর আর কোনো অস্তিত্ব থাকছে না।
 
আব্দুল আলীম, শাহ আব্দুল করিম, আব্বাস উদ্দিন তারা যে সকল গান লিখেছেন বা গেয়েছেন সেই গানগুলো ভারতীয়রা মূল সুর ও তথ্য বিকৃত করছে এতে করে আমাদের দেশের তথা গানগুলোর যারা স্রষ্টা তাদের অপমান করা হচ্ছে। ‘সারেগামা পা’ তাদের দেশের সবচেয়ে সেরা মঞ্চ হতে পারে, কিন্তু সেখানে আমাদের দেশের গানগুলো বিকৃতভাবে উপস্থাপন করবে এটা খুবই দুঃখজনক আর আমি এর তীব্র প্রতিবাদ জানালাম।’
 
এক্ষেত্রে এই সমস্যাটির প্রতিকার কি হতে পারে সে সম্পর্কে জিজ্ঞেস করলে ফকীর আলমগীর বলেন, ‘তারা যেভাবে ‘সারেগামা পা’ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের গানগুলো বিকৃত করছে ঠিক একইভাবে আমাদের দেশের টিভি চ্যানেলগুলোর উচিত এই রকম কিছু অনুষ্ঠানের আয়োজন করে আমাদের দেশের গানগুলো রক্ষা করা।’
 
উল্লেখ্য, জি বাংলা চ্যানেলে প্রচারিত ‘সারেগামা পা’ অনুষ্ঠানটিতে নেই আমাদের দেশের কোনো শিল্পী, নেই আমাদের দেশের কোনো বিচারক, আর বিচারক থাকলেও তারা থাকেন অতিথি বিচারক। ফলে, তারা নির্দ্বিধায় আমাদের গানগুলো বিকৃত করতে পারছে।