বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 
জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা, রক্তদানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি মঙ্গলবার তাদের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করেছে।
 
এ উপলক্ষে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই হাজার হাজার নেতা-কর্মী শেরেবাংলা নগরে শহীদ জিয়ার সমাধিস্থলে সমবেত হন। বেলা সোয়া ১১টার দিকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখানে আসার পর মাজারে নিজের ও দলের পক্ষ থেকে ফুল দিয়ে দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
 
সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাতের পর খালেদা জিয়া তার গাড়ি যোগে বাসার উদ্দেশে রওয়ানা হন। এরপর দীর্ঘ সময় বৃষ্টির মধ্যেই ভিজে দলের নেতা-কর্মীরা সেখানে ছিলেন।
 
বেগম খালেদা জিয়ার সঙ্গে শ্রদ্ধ নিবেদনে অংশ নেন ব্যারিস্টার মওদুদ আহমদ, লে জে (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, গয়েশ্বর রায়, শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, এনাম আহমদ চৌধুরী, শামসুজ্জামান দুুদু, ড. আসাদুজ্জামান রিপন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, আনোয়ার হোসাইন, হুমায়ুন ইসলাম খান, নুরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মামুনুর রশিদ মামুন প্রমুখ।
 
বিকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বেগম জিয়া অংশ নেন।
 
এ ছাড়া, সকালে দলের কেন্দ্রীয়সহ সারা দেশের কার্যালয়গুলোতে পতাকা উত্তোলন করা হয়।