চান্ডিমালের পাশে পেরেরা

দিনেশ চান্ডিমালের পর উইকেটরক্ষক হিসেবে অভিষেক টেস্ট ম্যাচের দুই ইনিংসেই হাফ-সেঞ্চুরি করলেন শ্রীলংকার কুশল পেরেরা। কলম্বোতে ভারতের বিপক্ষে তৃতীয় ম্যাচে টেস্ট অভিষেক হয় পেরেরার। টেস্টের দুই ইনিংসে ৫৫ ও ৭০ রান করেন তিনি। ফলে চান্ডিমালের পাশে নাম লেখান পেরেরা।

কারণ নিজের অভিষেক টেস্টের দুই ইনিংসে হাফ-সেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন চান্ডিমাল। ২০১১ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৮ ও ৫৪ রান করেছিলেন চান্ডিমাল। ঐ টেস্ট ২০৮ রানের বড় ব্যবধানে জিতেছিলো শ্রীলংকা। অবশ্য তিন ম্যাচের ঐ সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিলো প্রোটিয়ারা।