এই কনসার্ট মৌসুমে বাঙালি কমিউনিটিতে নিয়মিত অনুষ্ঠানে অংশ নিচ্ছেন কণ্ঠশিল্পী তানভীর শাহিন। আর তারই ধারাবাহিকতায় সফলতার সাথে শিকাগোতে একক অনুষ্ঠানে গাইলেন তিনি। এছাড়াও এবারে বাংলা কমিউনিটির একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বাংলা কমিউনিটি ও শিল্পীদের নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৃহত্ এক মেলার আয়োজন করতে যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে তানভীর শাহিন বলেন, ‘এই মৌসুমে দেশের অনেকেই আসেন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনে।
সেই পরিকল্পনা অনুযায়ীই এবারে বাঙালি কমিউনিটির এক মিলনমেলা করার জন্য এই আয়োজন করেছি। আশা করছি দেশের সংস্কৃতিকে আরও বড় করে উপস্থাপনের এটা একটা দারুণ উদ্যোগ হবে।’ এর বাইরে তানভীর শাহিনের উদ্যোগে প্রবাসী ও দেশিয় বাংলাদেশি শিল্পীদের সমন্বিতভাবে একটি বড় উদ্যোগের কাজ চলছে। এ প্রসঙ্গে তানভীর শাহিন বলেন, ‘এই অনুষ্ঠানে আমরা হাজার কণ্ঠে দেশের গান প্রচার করার একটি উদ্যোগ নিয়েছি। সেই অনুযায়ী গান রেকর্ডিংয়েরও কাজ চলছে। আশা করছি এটা দেশের গান নিয়ে সবচেয়ে বড় আয়োজন হবে।’