আইফোনের সাথে কাজ করবে অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচ

পেবল বা সনির মতো প্রযুক্তি প্রতিষ্ঠান এর আগে স্মার্টওয়াচ বা স্মার্ট হাতঘড়ি নিয়ে কাজ করলেও মূলত অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচের মাধ্যমেই স্মার্টওয়াচ প্রকৃত অর্থে স্মার্ট হয়ে উঠেছে। সেইসাথে জনপ্রিয়তার নিরিখেও এখন প্রযুক্তি পণ্যের বাজারে শক্তিশালী অবস্থান করে নিতে সমর্থ হয়েছে এসব স্মার্ট হাতঘড়ি। অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তার সূত্র ধরে অবশেষে চলতি বছরের এপ্রিল মাসে এসে অ্যাপলও তাদের স্মার্ট হাতঘড়ি আইওয়াচের বিক্রি শুরু করেছে। স্মার্ট হাতঘড়ির বাজারে তারা নতুন হলেও বাজারে তাদের অবস্থান অনেকটাই শক্তিশালী। স্মার্টওয়াচের বাজারের এই শক্তিশালী দুই প্রতিদ্বন্দ্বীর ব্যবসায়িক কৌশলও এতদিন একই ছিল। অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচগুলো কেবল ব্যবহার করা যেত অ্যান্ড্রয়েড ডিভাইসে এবং একইভাবে আইওয়াচ ব্যবহার করা যেত কেবল আইফোন এবং আইপ্যাডের সাথেই। তবে বাজার ধরতে গিয়ে এবারে নতুন ব্যবসায়িক কৌশল নিয়েছে গুগল। অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচের জন্য তাদের বিশেষায়িত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ওয়্যারকে এবারে তারা উন্মুক্ত করে দিয়েছে অ্যাপল ডিভাইসের জন্যও। অর্থাত্ অ্যান্ড্রয়েড ওয়্যারচালিত স্মার্টওয়াচকে আইফোনের সহযোগী ডিভাইস হিসেবেও ব্যবহার করার সুযোগ তৈরি করেছে তারা। আইফোনের সাথে অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচ ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড ওয়্যারের বিশেষ সংস্করণটি সোমবার অবমুক্ত করা হয়েছে অ্যাপলের অ্যাপ স্টোরে। এর ফলে অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচেই আইফোনের বিভিন্ন ধরনের নোটিফিকেশন দেখা যাবে। আইফোনের সাথে আইওয়াচ কিংবা অ্যান্ড্রয়েড ফোনের সাথে অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচ যেসব ফিচার প্রদান করে, তার সবগুলো অবশ্য আইফোনের জন্য তৈরি অ্যান্ড্রয়েড ওয়্যার আপাতত সমর্থন করছে না। তবে মৌলিক সব কাজই এতে করা যাবে। আইফোনের বিভিন্ন ধরনের নোটিফিকেশন থেকে শুরু করে গুগল নাউ কার্ড, ওয়েদার বা ট্রান্সলেটের মতো অ্যাপ, ভয়েজ সার্চ, গুগল নাউয়ের জন্য বিভিন্ন ধরনের রিমাইন্ডার, গুগল ফিটের মাধ্যমে ফিটনেস ট্র্যাকিং, ক্যালেন্ডার বা জিমেইলের মতো গুগল অ্যাপ থেকে নোটিফিকেশন পাওয়া প্রভৃতি ফিচার আইফোনের জন্য তৈরি অ্যান্ড্রয়েড ওয়্যারের মাধ্যমে সহজেই উপভোগ করা যাবে। তবে প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ওয়্যারচালিত তিনটি মাত্র স্মার্টওয়াচকে আইফোনের সাথে ব্যবহারের উপযোগী হিসেবে ঘোষণা করা হয়েছে। এগুলো হলো—হুয়াওয়ে ওয়াচ, আসুস জেনওয়াচ২ এবং এলজি ওয়াচ আরবেন। আর আইফোন ৫ থেকে শুরু করে পরের সব আইফোনে আইওএস ৮.২ অপারেটিং সিস্টেম থাকা সাপেক্ষে ব্যবহার করা যাবে এসব অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ। তবে অল্প কিছুদিনের মধ্যেই অ্যান্ড্রয়েড ওয়্যারচালিত আরও অনেক স্মার্টওয়াচই আইফোনের সাথে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে গুগল। আইফোনের সাথে অ্যান্ড্রয়েড ওয়্যার ব্যবহারের সুযোগ প্রসঙ্গে প্রযুক্তি গবেষণা সংস্থা আইডিসির বিশ্লেষক র্যামন লামাস বলেন, ‘যারা অ্যাপল পণ্যের একনিষ্ঠ ভক্ত, তাদের জন্য হয়তো এটি বড় কোনো বিষয় নয়। তবে যারা বিভিন্ন ধরনের সম্ভাবনায় বিশ্বাসী, তাদের জন্য বড় ধরনের সুযোগই উন্মুক্ত হয়েছে।’ আইফোনের জন্য অ্যাপলের নিজস্ব আইওয়াচের মূল্য ৩৫০ ডলার থেকে শুরু করে এক হাজার ডলার পর্যন্ত। সেখানে এর চেয়ে অনেক কম দামেই পাওয়া যাবে অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচ। তাই যারা আইফোন ব্যবহার করলেও অ্যাপলের গণ্ডিবন্ধ কৌশলের ভক্ত নয়, তারা হয়তো নিজেদের আইফোনে স্মার্টওয়াচ ব্যবহারের সুযোগটি নিতে পারবেন অ্যান্ড্রয়েড ওয়্যারের মাধ্যমেই—এমনটিই মনে করছেন র্যামন।